
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১:৩৪

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলাধীন কালিকাপুর বাসস্টেশনে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু কালাম (৪৫) নামে এক বাউল শিল্পীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২২ জানুয়ারী) বিকাল ৪ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাস্টান্ডে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, নিহত বাউল শিল্পী আবু কালাম প্রতিদিনের মত বাসস্ট্যান্ডে ঘুরা ঘুরি করতে দেখা যায়, হঠাৎ কিছু একটা শব্দ শুনে এলাকার স্থানীয় লোকজন ছুটে এসে মহাসড়কে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বড় ভাই আব্বাস জানান, নিহত আবু কালামের মানসিক সমস্যা ছিলো, কিছু দিন ভালো থাকে আবার কিছু দিন পর তার মানসিক সমস্যা দেখা দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকার একাধিক ব্যক্তি জানান, কালিকাপুর আব্বাসের ছোট ভাই নিহত আবুল কালামের দুই পরিবার ছিলো, সংসারে অশান্তি থাকায় নিজেই সে চলন্ত ট্রাকের সামনে ঝাপ দিলে চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আফসার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে নিহত আবু কালাম পারিবারিক অশান্তিতে ছিলেন এবং মানসিক প্রতিবন্ধী থাকায় স্থানীয়দের ভাষ্যমতে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দূর্ঘটনায় কবলিত গাড়িটি আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।