
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ৪:৩৪

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য (এমপি) পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি দেওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে হিজলায় মিছিল করে মিষ্টি বিতরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। তবে ঠিক কোন অভিযোগ আমলে নিয়ে আওয়ামী লীগের হাইকমান্ড এমপি পঙ্কজ দেবনাথের বিষয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্ট নয়।
অব্যাহতির মূল কারণের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না খোদ পঙ্কজ দেবনাথও। তবে জেলা আওয়ামী লীগ মনে করছে, এমপি পঙ্কজ দেবনাথ অসংখ্য ‘অপকর্মের’ সঙ্গে জড়িত। যা স্থানীয় আওয়ামী লীগের চেয়েও কেন্দ্র বেশি জানে। কেন্দ্রের এমন সিদ্ধান্তে বরিশাল আওয়ামী লীগে স্বস্তি ফিরে এসেছে।
পঙ্কজ দেবনাথ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে দুর্দান্ত প্রতাপ নিয়ে নেতৃত্ব দিয়ে দায়িত্ব পান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতও হয়েছিলেন তিনি। ২০১৪ সালে দলীয় মনোনয়ন পেয়ে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর তিন বছরের মধ্যে জড়িয়ে পড়েন বিতর্কে।

উপজেলা আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, দলীয় নেতা-কর্মীকে নির্যাতন, দলে কোন্দল সৃষ্টি করা, দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পত্তি অর্জন, আলোচনায় থাকতে বাসে অগ্নিসংযোগ, এমনকি হত্যাও হয়েছে তার মদদে। বিভিন্ন সময়ে এসব অভিযোগ এনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। তার অব্যাহতির খবরে এসব আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
