
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২২, ৫:৯

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুফল কুমার দাস (৫৮) কে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ১০ বোতল দেশী মদ উদ্ধার করে এই গোয়েন্দা পুলিশের টিম। যার আনুমানিক মূল্য ৪০ হাজার ৫০০ টাকা।মদ ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী সুফল কুমার দাসের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস। এ ছাড়াও ডিবি রাজবাড়ী নামের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সুফল কুমার দাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের মৃত গয়ানাথ দাসের ছেলে। এছাড়াও সে বহরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। সুফল কুমার দাস দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে বলে স্থানীয়রা জানান। এর আগেও তিনি মদসহ গ্রেফতার হয়েছেন। এলাকাবাসীর দাবী- এই মাদক ব্যবসায়ী সুফলকে নিয়ন্ত্রণ করতে পারলে এলাকার যুব সম্প্রদায় মাদক থেকে রক্ষা পাবে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জেলার বালিয়াকান্দি থানাধীন বহরপুর ইউনিয়নের বেতেংঙ্গা নতুন বাজারে (আড়কান্দি বাজার) জনৈক সুফল কুমার দাস এর হার্ডওয়ারের দোকানের সামনে রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ বোতল দেশীয় তৈরী CAREW`S (মদ) উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪০ হাজার ৫০০ টাকা। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান জেলা গোয়েন্দা পুলিশ।

এদিকে সুফল কুমার দাসকে মদসহ গ্রেফতার করায় স্থানীয়রা রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলছেন- সুফল একজন চিহৃিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন এ কাজের সাথে জড়িত। তার কারনে এলাকায় মাদক ছড়িয়ে পড়ছে। যুব সম্প্রদায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে। এ ধরণের অভিযান নিয়মিত চালু রাখার আহবান জানান এলাকাবাসী।
কোনো ট্যাগ পাওয়া যায়নি