
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২, ২:১

বরিশাল হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকা থেকে রাব্বি শেখ(২২) নামে একজন মাদক বহনকারীকে আটক করেছে হিজলা থানার পুলিশ সদস্যরা।
আটক রাব্বি নরসিংহপুরের গ্রামের কাশেম শেখের ছোট ছেলে। পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিতে এসে আটক হয় আরো দুজন। তারা হলেন পূর্ব কোড়ালিয়ার শহিদ হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার এবং নরসিংহপুরের দলিল সরদারের ( তেল শহিদ ) ছেলে মাসুম সরদার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এস আই বেলাল হোসেন ও এ এস আই সাইফুল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাব্বির ব্যবহৃত মোটরসাইকেলে ( বরিশাল ল ১১-৩৬২৭ ) মাদক বহনের সংবাদ জানতে পেরে কাউরিয়া বাজারের মালেকের গলির মধ্যে তাকে তল্লাশিকালে, মোটরসাইকেলের বসার সিটের উপরের অতিরিক্ত বালিশের মধ্যে মাদক পেয়ে তাকে আটক করে।

আটকের পরে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় তার সঙ্গের বন্ধু সহ অনেকে। পরিস্থিতি অনুকূলে না থাকায় হিজলা থানায় ফোন করলে অতিরিক্ত ফোর্স ঘটনার স্থানে উপস্থিত হলে রাব্বির সাথে আরো দুজন আটক করা হয়। মোটরসাইকেল সহ তিনজনকে থানায় আনা হয়েছে।
রাব্বি শেখের পরিবারের দাবি সে নির্দোষ, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
এস আই বেলাল ঘটনার ব্যাপারে জানান, রাব্বি শেখের কাছে গাজা পাওয়া গেছে। তবে এখনো পরিমাপ করা হয়নি। তাদের বিরুদ্ধে মাদক আইনে এবং পুলিশের কাজে বাধা প্রদান উল্লেখ করে মামলা দায়ের হবে।