
প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ৩:৪৪

বাঁধমুক্ত খাল চাই , বিশুদ্ধ পানি চাই - এ শ্লোগান নিয়ে খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ( লেমুয়া-গুয়াবাড়িয়া ) জনগণ।
বৃহস্পতিবার ২৫ আগস্ট বিকেলে গুয়াবাড়িয়ার বান্দেরহাটের প্রধান সড়কের উপর লেমুয়া-গুয়াবাড়িয়া মধ্যবর্তী খালটি রক্ষার জন্য মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন হাবীবুর রহমান ( হাফেজ বিডিআর ), অবসরপ্রাপ্ত বিডিআর আঃ মন্নান(মন্টু) হাওলাদার, খোকন তালুকদার সহ অনেকেই। বক্তাগণ বলেন, খালের দুই পাড়ে কয়েকশো লোকের বসতি। এ খাল দিয়ে এক সময় বাজারের পণ্যবাহী নৌকার চলাচল ছিলো।
একটি প্রভাবশালী মহল খালটিতে বাঁধদিয়ে মাছ চাষ করে দুই পাড়ের মানুষকে জিম্মি করে রেখেছে। এলাকাবাসীর দাবি খালটির সামান্য কিছু অংশ খাস হলেও বৃহত অংশের মালিকানা রয়েছে । তা সত্ত্বেও প্রভাবশালীরা খালটি দীর্ঘ বছর তাদের দখলে রেখেছে ক্ষমতার পালা বদলে।

খালটি দখলমুক্ত ও দুষণমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। মানববন্ধনের আগে বিক্ষুব্ধ এলাকাবাসী বাঁধের কিছু অংশ ভেঙে ফেলেছে।
