
প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ০:৩৪

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোসাগরে ২৬টি মাছধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ১২ জেলেসহ এফবি ভাইভাই নামের একটি ট্রলার এসময় ডুবিয়ে দিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সাগরে এ গণডাকাতির ঘটনা ঘটে। শনিবার সকালে এ খবরটি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা। ডুবিয়ে দেওয়া ট্রলারের ১২ জেলেকে উদ্ধার করা হয়েছে এবং ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
ডুবিয়ে দেওয়া এফবি ভাইভাই ট্রলারের জেলে কলাপাড়ার নিজামপুর গ্রামের ছালাম মিয়া জানান, ১৮/২০ জনের ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে তাদের মাছধরা ট্রলারের জেলেদের ওপর হামলা চালিয়ে ট্রলারের মাছ, জালসহ সকল মালামাল তুলে নিয়ে যায়।
এমনকি তান্ডব শেষে ডাকাতদের ব্যবহৃত ট্রলারটি দ্রুত চালিয়ে এসে পেছন থেকে আঘাত করে তাদের ট্রলারটি ডুবিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবিয়ে দেওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। ডাকাতির শিকার ট্রলার গুলো, মহিপুর,পাথরঘাটা,ভোলা এলাকার বলে জেলে সুত্রে জানান।

কোস্টগার্ড’র মিডিয়া সেলের কর্মকর্তা লেঃ সফিউল কিঞ্জল জানান, ডাকাতির খবর পেয়ে সমুদ্রে তাদের টহল জোরদার করেছেন এবং ডাকাতদের সনাক্ত করণে কাজ চালিয়ে যাচ্ছেন। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, সাগরে ডাকাতি সম্পর্কিত কোন অভিযোগ তারা এখনো পায়নি।
