
প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১:৩০

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভাঙ্গন রোধে স্থাপিত জিও টিউব প্রান কেড়ে নিলো কিশোর পর্যটক নাহিয়ান নাফির। জিও টিউবের মাঝে পানির গর্তে ডুবে মৃত্যু হয় কিশোর নাহিয়ানের। শুক্রবার দুপুর আড়াইটায় সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এসময় তার সাথে বড় বোনসহ খালা-মামা ছিলেন।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ জানান, দশম শ্রেণির ছাত্র নিহত পর্যটক কিশোর নাহিয়ান মাহাদি নাফি ঢাকার বংশাল থেকে বড় বোন এবং মামা-খালাসহ ২৩ সদস্যের বহরের সাথে শুক্রবার সকালে কুয়াকাটা বেড়াতে আসেন। ওঠেন সমুদ্র বাড়ি নামক একটি আবাসিক হোটেলে। দুপুরের দিকে সৈকতে এসে পানিতে নামেন। সাঁতার না জানা ওই কিশোর পর্যটক সমুদ্রের ভাঙন ঠেকাতে ব্যবহৃত দু’টি জিও টিউবের মাঝখানে গর্তে পড়ে এ দুর্ঘটনার শিকার হন।
তাৎক্ষণিক তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঢেউয়ের কারনে কিছুটা ব্যহত হয়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই কিশোর। কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের ডাঃ সৈয়দ আশিকুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কিশোরের মৃত্যু হয়েছে। এঘটনায় নাহিয়ানের সাথে আসা স্বজনরা কান্নায় ভেঙ্গে পরেন। বাকরূদ্ধ হয়ে পরেন। কি জবাব দিবেন নাহিয়ানের অসুস্থ বাবাকে।

মৃত নাহিয়ান মাহাদি নাফি’র বড় বোন নামিরা জাহান ঐশি জানান, কুয়াকাটা সৈকতে ভাঙ্গন রোধে জিও টিউব তার ভাইকে কেড়ে নিয়েছে। এ স্মৃতি তাকে আজিবন বয়ে বেড়াতে হবে। নিজেকে খুবই অপরাধী মনে হয়।
