
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ২১:৩০

কুমিল্লার দেবীদ্বারে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় দেবীদ্বার উপজেলার ইষ্টগ্রাম এলাকায় এবং বেলা আড়াইটায় একই সড়কের ইউছুফপুর বাসষ্ট্যাশনে ওই পৃথক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, সকাল ৯টায় দেবীদ্বার উপজেলার ইষ্টগ্রাম এলাকায় সিলেটগামী একটি পিকআপ ভ্যান (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৫-৫২৭৭) সিলেটমূখী একটি সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সা চালক ও ৪ যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপর ৩ জনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সিএনজি ও পিকাপ ভ্যান চালক পালিয়ে যায়।
দূর্ঘটনায় নিহতরা হলেন, ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের কুদ্দুস মিয়ার পুত্র সেলিম (২২), একই উপজেলার কুটি গ্রামের শুবলচন্দ্র বর্মন এর পুত্র লক্ষন বর্মন(৪০)। আহতরা হলেন, ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার বিটগড় গ্রামের আব্দুল মান্না’র পুত্র মোঃ সাদেক (৪২), কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের যদুমিয়ার পুত্র ইউসুফ (৪০)।

অপর ঘটনাটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ইউছুফপুর বাসষ্ট্যাশনে একটি খালি ট্রাক দাড় করিয়ে ট্রাক চালক অপর একজন ট্রাক চালকের সাথে কথা বলতে যান। এসময় সিলেটগামী একটি বাস ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিলে ট্রাকের দু’টি চাকা খুলে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকের সামনে বসা ট্রাক হেলপার মারাত্মক আহত হন। আহত হেলপারকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ট্রাক হেলপার নীলফামারী জেলার, নীলফামারী উপজেলার কচুঘাটা গ্রামের মোস্তফা কামাল এর ছেলে বিপ্লব মিয়া (২২)।
এ ব্যপারে ট্রাক চালক নীলফামারী জেলার একই এলাকার মুক্তার আলীর পুত্র মিঠু মিয়া জানান, আমি আমার ট্রাকটি সড়কের পাশে রেখে নিজ এলাকার অপর একটি ট্রাকচালকের কাছ থেকে একটি নোটবুক আনতে গেলে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস এসে ধাক্কা মারলে ট্রাকের দু’টি চাকা খুলে ট্রাকটি উল্টে যায়। ট্রাকে বসে থাকা আমার হেলপারকে আহত অবস্থায় দেবীদ্বার হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামাল উদ্দিন জানান, পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় নিহত ৩ জন এবং দূর্ঘটনায় কবলিত ট্রাক, বাস, পিকাপভ্যান ও সিএনজি আমাদের হেফাজতে আছে। দু’টি দূর্ঘটনায় মিরপুর হাইওয়ে পুলিশ বাদী হয়ে দেবীদ্বার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।