
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিশখালি নদীর কচুয়া-বেতাগীর বহুকাঙ্ক্ষিত ফেরিটির উদ্বোধন হয়েছে। বুধবার (৬ জুলাই) দুপুরে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু (এমপি) প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত হয়ে এ ফেরি উদ্বোধন করেন।
আমু বলেন, এ ফেরি চালুর মধ্যে দিয়ে ঝালকাঠি জেলার সাথে পায়রা সমুদ্র বন্দর, পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে দক্ষিণ যোগাযোগ আরও একধাপ সহজ হলো। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর বিশখালি কচুয়া-বেতাগী ফেরি চালু হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পথ আরও কমে গেল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ বিভাগের ঝালকাঠি নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন।

কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনিরের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, সড়ক ও পরিবহন অধিদফতরের ফেরি উইং এর তত্ত্বাবধায়ক সুভাষ চন্দ্র বিশ্বাস, পরিবহন বিভাগের বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ, সড়ক ও পরিবহন বিভাগের পটুয়াখালী সার্কেলের প্রকৌশলী মো. মাসুদ করীম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস কচুয়া গ্রামের বাসিন্দা আতিকুর রহমান রুবেল, জেলা যুবলীগ আহ্বায়ক রেজাউল করিম জাকির, মো. আতিকুর রহমান রুবেল প্রমুখ।
প্রসঙ্গত, এ ফেরি চলাচল শুরু হওয়ায় পায়রা থেকে মোংলা ও খুলনার দূরত্ব ৮০ থেকে ৯০ কিলোমিটার কমবে। দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফেরি চালুর মাধ্যমে যশোর, বেনাপোল, খুলনা, মোংলা, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালীর পায়রা বন্দরের যাতায়াতে পথ কমে গেল।