
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ৪:২৫

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি প্রদীপ ও লিয়াকত ছিলেন নির্বিকার।
রায়ে কক্সবাজারের টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও টেকনাফের বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত, এপিবিএনের কনস্টেবল সাগর দেব, রুবেল শর্মা; মারিশবুনিয়া গ্রামের তিন ব্যক্তি নেজাম উদ্দিন, নুরুল আমিন ও মো. আইয়াজকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ছয়জনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।