
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ০:৫৭

পটুয়াখালীর মহিপুরের চরচাপলীতে পাউবোর প্রকৌশলী কর্তৃক সাড়ে তিন হাজার তরমুজ গাছ উপড়ে ফেলা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয় এক গরীব কৃষক। ক্ষতিগ্রস্থ সেই কৃষকের ক্ষেত পরিদর্শন করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা।
বুধবার দুপুরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামের ওই ক্ষেত পরিদর্শনে যান তারা। পরিদর্শন শেষে ঘটনার সত্যতা পেয়েছেন এবং আগামী তিন দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করবেন বলে জানিয়েছেন ইউএনও আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক।
প্রায় ২ মাস আগে পানি উন্নয়ন বোর্ড এবং বনবিভাগের কর্মকর্তাদের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে পশ্চিম চাপলী গ্রামের বন্যা নিয়ন্ত্রন বাঁধের ঢালে সাড়ে তিন হাজার তরমুজ গাছ রোপন করেন কৃষক দেলোয়ার।

কিন্তু গত ১৬জানুয়ারী হঠাৎ সকল তরমুজ গাছ উপড়ে ফেলেন পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বেড়িবাঁধ সংস্কার প্রকল্পের প্রকৌশলী মনিরুল ইসলাম। ওই কর্মকর্তার হা-পা ধরেও তাকে ফেরাতে না পেরে কান্নায় ভেঙে পরেন দেলোয়ার। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় এলাকায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নিন্দার ঝড়।