
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ২২:১১

জয়পুরহাটের পাঁচবিবিতে পিতার জানাজায় এসে নিজের মোবাইল ফোন খুইয়েছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহবুব স্বপন।
এই দিন জানাজায় দিনাজপুরের হাকিমপুর পৌর সভার মেয়রসহ একাধিক ব্যক্তির মোবাইল হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বেলা সাড়ে ১০টায় হুইপ স্বপনের পিতা পাঁচবিবি পৌর শহরের টিএনটি পাড়ার বাসিন্দা আলহাজ্ব শরীফ উদ্দিন মন্ডলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে হুইপ আবু সাঈদ আল মাহবুব স্বপন, হাকিমপুর পৌর সভার মেয়র জামিল হোসেন চলন্ত, পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জিহাদ হোসেনসহ ৭ জনের মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ একটি চক্র।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন,হুইপ মহোদয়ের একটি মোবাইলসহ ৭ জনের স্মার্ট ফোন হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ওসি আরোও বলেন, জানাজায় হাজার হাজার মানুষের ভিড়ে পুলিশের নিরাপত্তার মধ্যেই কৌশলে ফোন হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মোবাইল উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।