
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২২, ২:৩৭

বর্জ্য ও দূষণমুক্ত সমুদ্র এবং সমুদ্র সৈকতের দাবিতে রবিবার সকাল ১০টায় কুয়াকাটায় বে-সরকারী এনজিও গ্রামবাংলা উন্নয়ন কমিটির উদ্যোগে ১৮টি এনজিওর প্রতিনিধিরা র্যালী, মানববন্ধন ও সচেতনতামূলক সভা করেছেন। এসময় তারা সৈকতের ময়লা আবর্জনা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পর্যটন হলিডে হোম্স থেকে একটি র্যালী বের করা হয়।
‘প্লাস্টিক বর্জ্য, ই-বর্জ্য, মেডিকেল বর্জ্য, পৌর বর্জ্য মুক্ত সমুদ্র ও সৈকত চাই’ এ স্লোগানকে সামনে রেখে একটি র্যালী বের করা হয়। র্যালীটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিন শেষে সৈকতে এসে শেষ হয়। সেখানে মানববন্ধন করেন বিভিন্ন এনজিও প্রতিনিধিরা। মানববন্ধনে কুয়াকাটা পৌরসভার প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশ ও গনমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন। মানববন্ধনে বিভিন্ন এনজিও প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন। পরে পর্যটন হলিডে হোমস অডিটরিয়ামে সচেতনতামূলক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১৯টি পার্টনার এনজিও’র পক্ষে মনোনিত প্রতিনিধি আনোয়ার জাহিদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেন ফরাজী, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক হাচনাইন পারভেজ, ঘূর্ণীঝর প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)’র লতাচাপলী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল আলম, গ্রাম বাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক এ কে এম মাকসুদ, আয়োজক সংস্থা এসএসডিপি’র নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান সহ ১৯টি পার্টনার এনজিও’র প্রধান ও প্রতিনিধিগণ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোঃ মিজানুর রহমান।