
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২২, ২:৩১

দিনাজপুরের হিলি রেলস্টেশনে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী মালবাহী একটি ট্রেনের চাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ট্রেনটির চাকার মেরামতের কাজ করে দ্রুত চলে যায়। তবে এ পথ দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার সকাল ১১টা নাগাদ মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে এসে পৌঁছালে ট্রেনটির চাকায় হঠাৎ করে আগুন ধরে যায়।

মালবাহী ট্রেনের স্টাফ নুরুল ইসলাম জানান, ট্রেনটির ব্রাশ বিয়ারিংয়ের ভেতরে ঝুট ও তেল আছে। গাড়ি চলতি অবস্থায় চাকা অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় আগুন লেগে যায়। আমরা সঙ্গে সঙ্গে সেটি দেখতে পেয়ে নিভিয়ে ফেলেছি। খুব দ্রুতই মেরামতের কাজ শেষ করে ট্রেনটি চলে যায়। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী মালবাহী ট্রেনটি সকাল ১১টা নাগাদ হিলি রেলস্টেশনে প্রবেশ করছিল। এ সময় ওই ট্রেনের একটি চাকা গরম হয়ে গিয়ে (হটএক্সেল) তাতে আগুন লাগে। স্টাফরা এটি দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে মেরামতের কাজ করে চলে যায়। এতে এই পথ দিয়ে ট্রেন চলাচলের কোনো সমস্যা হয়নি।