
প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ১৬:৪৪

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামের তিনটি মন্দির ও একজন হিন্দু সম্প্রদায়ের বাড়িতে গো-মাংস রেখে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় থানায় পৃথক চারটি অভিযোগ করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে ওই এলাকায় একই সঙ্গে তিনটি মন্দির ও একটি বাড়িতে গো মাংস দেখতে পায় স্থানীয়রা।হাতীবান্ধা পুজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ কুমার সিংহ জানান, গেন্দুকুড়ি ক্যাম্পপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, গেন্দুকুড়ি কুঠিপাড়া কালী মন্দির, গেন্দুকুড়ি বটতলা কালী মন্দির ও ক্যাম্প পাড়া এলাকার মনিন্দ্রনাথ বর্মনের বাড়িতে কে বা কারা বৃহস্পতিবার দিবাগত রাতে পলিথিনের ব্যাগে মোড়ানো গরুর পা ও নাড়ী-ভুড়ি রেখে যায়। তারা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টা করে। শুক্রবার সকালে স্থানীয়রা এসব দেখতে পেয়ে থানা পুলিশ ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে খবর দেন।

হাতীবান্ধা থানা পুলিশ সড়েজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পায়। এ ঘটনায় স্থানীয় থানায় নিতাই চন্দ্র অধিকারী, সর্বেশ্বর বর্মন, মেঘনাথ চন্দ্র ও মনিন্দ্রনাথ বর্মন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে পৃথক চারটি অভিযোগ দায়ের করেছেন। ধর্মীয় অনুভুতিতে যারা আঘাত হেনেছে তাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আটক করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে অভিযোগকারীরা।হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি