
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ২২:১৯

বয়সের ভারে শরীরটা নতুজানু হয়ে পড়েছে। চলাচলের ক্ষমতাও হারিয়ে গেছে। এমনকি চোখে যা একটু দেখা হয় সেটাও অস্পষ্ট। তারপরও চতুর্থ পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছেলে মিজানুর রহমানের কোলে চড়ে ভোট দিতে কেন্দ্রে এসেছেন ৭০ বছর বয়সী বৃদ্ধা মোমেনা বেওয়া।রোববার দুপুর ১টার দিকে নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বীরগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
কেন্দ্রে থেকে মোমেনার গ্রাম প্রায় ৩কিলোমিটার দূরে। গ্রাম থেকে ভ্যানে করে কেন্দ্রের চত্বরে প্রবেশ করেন। এরপর সেখান থেকে ছেলের কোলে করে ভোটকক্ষে যান। তার অবস্থা দেখে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা অন্যদের থেকে আগেই ভোট দেওয়ার সুযোগ করে দেন।বৃদ্ধা মোমেনা বেওয়া বলেন, জীবনের শেষ সময় আসা ছেলেডার কোলে চড়ে ভোট দিলাম বাপো। আর ভোট দিবার পারমু কিনা আল্লাহ ভালো জানে। শরীলডা আর চলে না। তারপরও ভোট দিচি।
মোমেনা আরও বলেন, ভোট হামার অধিকার। তাই শারিরীক দিক দিয়া কষ্ট হলেও ভোট টা দিবার আনু। ভোট দিবার পারা হামার খুবই ভালো লাগিচ্ছে বাপো।সবারই উচিত যারা ভোটার তারা অবহেলা না করে যান ভোট দিবার আসে।মেল্যা মানুষ ভোট দিবার আসিছে। হামিও আসিছি। সব মিলা খুব আনন্দ লাগিচ্ছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

বৃদ্ধার ছেলে মিজানুর রহমান বলেন, মা চলাফেরা করতে পারেন না। ভ্যানে করে কেন্দ্রে নিয়ে আসি। এরপর কোলে করে কক্ষে গিয়ে ভোট দিয়ে দিলাম। সঙ্গে আমার ভোটও দিয়েছি। মা বলেছে ভোট দিবে। আমি নিষেধ করলেও শুনেনি তাই কি আর করার কোলে করেই মাকে ভোট কেন্দ্রে নিয়ে আসলাম। আর ভোট দিতে পেরে মাও খুব আনন্দিত।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯১ জন এবং সাধারণ সদস্য পদে ৩১৮ জন প্রার্থী। ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৩ জন ও সাধারণ সদস্য পদে ২৯৯ জন প্রার্থী। মহাদেবপুর উপজেলায় ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২২ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।