
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ২২:৫৪

কুষ্টিয়ায় নির্মাণাধীন ইকো পার্ক থেকে তিলেখাজা কারখানার সবুজ মন্ডল (২২) নামের এক শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানার পুলিশ।বুধবার (২২ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া শহরের গড়াই নদীর তীরবর্তী এলাকায় নির্মাণাধীন ইকো পার্ক থেকে নিহত সবুজর লাশটি উদ্ধার করা হয়।নিহত সবুজ শহরের পূর্বমিলপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
নিহতের বাবা হায়দার আলী বলেন, সবুজ তার চাচা ফরহাদ হোসেনের তিলের খাজা কারখানায় কাজ করে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে কারখানায় কাজে যায় সে। রাত ১টার দিকে কারখানা থেকে নাম না জানা এক ব্যক্তি সবুজকে ডেকে নিয়ে যায় বলে জানতে পেরেছি। পরে সকালে জানতে পারি সবুজের লাশ ইকো পার্কে পড়ে আছে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি