
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ১৬:১৪
চলতি বছরের ২৬ ডিসেম্বরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের উপ নির্বাচনকে বিঘ্নিত করতে এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে সমস্যা সৃষ্টি করতে, চারটি ভোট কেন্দ্রকে অন্যত্র স্থানান্তর করার জন্য জেলা নির্বাচন অফিসে অতি গোপনে একটি লিখিত আবেদন করেছিলো, বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এনামুল ইসলাম রাসেল। তদন্ত শেষে তার আবেদনটি ভুয়া প্রমাণিত হওয়ার পরে নিজেকে বাঁচাতে আবেদনটি নিজেই প্রত্যাহার করে নিয়েছেন।
হিজলা উপজেলা নির্বাচন অফিসের তথ্যসূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১১ নভেম্বর জেলা নির্বাচন অফিসে একটি লিখিত আবেদনে উল্লেখ করা হয় যে, নদীতে তীব্র ভাঙনের কারণ সহ বিভিন্ন অজুহাত দেখিয়ে ধুলখোলা ইউনিয়নের ভোটারদের সুবিধার্থে চারটি ভোট কেন্দ্র অন্যত্র স্থানান্তর করতে হবে। ভোট কেন্দ্র চারটি হলো ৪ নং ওয়ার্ডের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ নং ওয়ার্ডের আলিগঞ্জ ইসলামীয়া আলিম মাদ্রাসা, ৬ নং ওয়ার্ডের পি,এন মাধ্যমিক বিদ্যালয়, ৭ নং ওয়ার্ডের পশ্চিম ছাগলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই আবেদনের প্রেক্ষিতে ১১ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টায়, হিজলা উপজেলা নির্বাচন অফিসে ধুলখোলা ইউনিয়ন পরিষদের সচিব সহ সকল সদস্যকে উপস্থিত করা হয়েছে। পাশাপাশি উপ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী দুজনও উপস্থিত ছিলেন।

সকাল এগারোটায় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম নিজেই চারটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং উক্ত বিষয় নিয়ে এলাকার ভোটারদের সাথে কথা বলেন। এতে আবেদন কারীর উপর ক্ষোভ প্রকাশ করেন ভোটারগণ। জেলা অফিসার দুপুরে হিজলা উপজেলা নির্বাচন অফিসে আবেদনের বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সরাসরি জিজ্ঞেস করলে, চেয়ারম্যান তার ভুল স্বীকার করেন। এতে আবেদনটি ভুয়া প্রমাণিত হয়ে যায়। আইনি জটিলতা থেকে বাঁচতে ভুয়া আবেদনটি লিখিত ভাবে প্রত্যাহার করে নেন চেয়ারম্যান। পাশাপাশি কেন্দ্র চারটি সহ ভোটারদের জটিলতার অবসান ঘটে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি