
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২১, ৪:১১

নির্বাচনে বিজয় অর্জনের পরে প্রতিপক্ষের প্রতি হিংসা বিদ্বেষ প্রকাশ পায় অনেকক্ষেত্রে। কিন্তু মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়ন পরিষদের সদ্য বিদায়ী সাবেক ও নব নির্বাচিত বর্তমান চেয়ারম্যান এক কাতারে আবদ্ধ হয়ে নতুন আলোড়ন সৃষ্টি করেছেন। তারা দু'জন ভিন্ন রাজনৈতিক দলের হলেও ইউনিয়নের উন্নয়নে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ষোলটাকা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার পাশা ও সদ্য বিদায়ী চেয়ারম্যান মনিরুজ্জামান শনিবার সৌজন্য সাক্ষাত করেন। এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান আনােয়ার হােসেন পাশা, প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামানের গলায় ফুলের মালা পরিয়ে দেন। ষোলটাকা ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান মনিরুজ্জামান নব-নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার পাশার গলায় ফুলের মালা পরিয়ে দেন। দুজন মিষ্টিমুখ করে এক সাথে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে সম্প্রীতির বন্ধনে একত্রিত হন।
আনোয়ার পাশা এবং মনিরুজ্জামান দু'জনে ছিলেন স্বতন্ত্র প্রার্থী। আনোয়ার পাশা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এবং মনিরুজ্জামান বিএনপির রাজনীতির সাথে যুক্ত। সারাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩য় ধাপে (গত ২৮ নভেম্বর) নির্বাচনে আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন আনোয়ার পাশা। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন সদ্য বিদায়ী চেয়ারম্যান ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান।
এ বিষয়ে ইউনিয়নবাসী জানান, নির্বাচনের পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সম্প্রীতির দৃশ্যটি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে। এবং ইউনিয়নের জনসাধারণের উন্নয়নে অপরিসীম ভূমিকা রাখবে। এই সম্প্রীতির বন্ধন অবিস্মরণীয় হয়ে থাকবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
Attachments area