
প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ১৯:২৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সাতটি ইউনিয়নে আজ বৃহস্পতিবার ১১ নভেম্বর সকাল ৮টা থেকে উৎসব মুখর পরিবেশে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সাত ইউনিয়নের ৬৭টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। অধিকাংশ ইউনিয়নকেই ঝুঁকিপূর্ণ মনে করছে উপজেলা নির্বাচন অফিস।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় প্রতীকে এই নির্বাচনে অংশ না নিলেও দলটির বেশ কয়েকজন নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ২০ জনের অধিক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় তিন প্লাটুন বিজিবি, র্যাবের তিনটি টহল দল ও তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত আছেন। গতকাল বুধবার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বক্স সহ অন্যান্য নির্বাচন সামগ্রী পাঠানো হলেও ব্যালট পেপার পাঠানো হয়নি। বৃহস্পতিবার সকালে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হলে ভোট গ্রহণ শুরু হয়।

ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। প্রিজাইডিং কর্মকর্তারা আশা করছেন দুপুরের পর পুরুষ ভোটারের উপস্থিতি বাড়বে।ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, আজ বৃহস্পতিবার উপজেলার দশ ইউনিয়নের মধ্যে সাত ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। মোট ১ লাখ ১৫ হাজার ৪৩৬ জন ভোটার ভোট দিবেন। সকালে সাত ইউনিয়নের ৬৭ টি ভোট কেন্দ্রের ৩৩৩ টি কক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি