
প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ১৬:৮

“ভোট দেবোনা যথা তথা, করবো বাছাই যোগ্য নেতা; খুলে যাক বন্ধ চোখ, বাছাই করি যোগ্য লোক" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউপির চেয়ারম্যান পদের যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে চেয়ারম্যান পদ প্রার্থীদের নিয়ে জনতার মঞ্চ নামক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার পাইকেরছড়া ইউপির পাটেশ্বরী বরকতীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে যৌথ ভাবে জনতার মঞ্চ অনুষ্ঠানের আয়োজন করে সুজন (সুশাসনের জন্য নাগরিক), ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব।
ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনতার মঞ্চ অনুষ্ঠানে জনতার মুখোমুখি হন ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক সরকার, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইশা) মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সোলায়মান আলী।

জনতার মঞ্চে উপস্থিত প্রার্থীদের ইউনিয়নটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তাদের পরিকল্পনার বিষয়ে প্রশ্ন করেন। চেয়ারম্যান প্রার্থীগণ তাদের প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনী ইস্তেহার তুলে ধরে নিজনিজ প্রতীকে ভোট চান। এলাকার উন্নয়নে নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থীরা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
