
প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ২:৩৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় আড়াই মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ বিক্রির অপরাধে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মাছগুলো উপজেলা চত্বরে এনে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।
সোমবার বিকেলে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের সোনাহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত একতা মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে। এসময় আড়তটিতে প্রায় আড়াই মণ নিষিদ্ধ ঘোষিত রাক্ষুসে পিরানহা মাছ পাওয়া যায়। নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে একতা মৎস্য আড়তের আনোয়ার হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকলে মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী বলেন, পিরানহা রাক্ষসে মাছ। এই মাছ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই পিরানহা মাছ চাষ ও বিক্রি নিষিদ্ধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা জানান, একশ্রেণির মৎস্য ব্যবসায়ী অধিক লাভের আশায় বাইরে থেকে পিরানহা মাছ এনে উপজেলার বিভিন্ন হাটবাজারে রূপচাঁদা নামে বিক্রি করে প্রতারণা করছে এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ পিরানহা বিক্রির অপরাধে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ক্ষতিকর নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি বন্ধ করতে উপজেলার হাটবাজারগুলোতে অভিযান অব্যাহত থাকবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি