
প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ০:৫৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রে গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ নভেম্বর) দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত 'সি' ইউনিট (বাণিজ্য)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 'সি' ইউনিটের ১৩৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় শতভাগ উপস্থিতিতে ভর্তি পরীক্ষাটি সম্পন্ন হয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। তিনি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন। এসময় তার সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার(ভারঃ) মু. আতাউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠানের মধ্যদিয়ে এবারই প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে একযোগে সম্পন্ন হলো। আগামীকাল (২ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিট (থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের)-এর ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি