
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ৪:৫

নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'আনসার আল ইসলাম' এর পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে শুক্রবার (২৯ অক্টোবর) রাত পর্যন্ত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে এটিইউ।
গ্রেফতারকৃতরা হলো— মোঃ মিঠুন রহমান (২৯), তানভীর হোসেন (২১), সাকিব আল হাসান (১৯), আব্দুস শুকুর সোহাগ (২১), মোহাম্মদ জাবের (২৫) ও মোহাম্মদ ওমর ফারুক (১৯)।
এদের মধ্যে মিঠুন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আব্দুস শুকুর হবিগঞ্জ সদরের আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে। জাবের চতুর্থ শ্রেণি পাস। ওমর ফারুক একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

শনিবার (৩০ অক্টোবর) বিকেলে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোঃ আসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ডিএমপি'র শেরে বাংলা নগর থানা এলাকা থেকে মিঠুন রহমানকে আটক করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার হজরতপুর এলাকা থেকে আটক হয় সাকিব। এরপর জিজ্ঞাসাবাদে তারা শুকুর, জাবেদ ও ফারুকের অবস্থান জানানোর পর তাদেরকে পল্টন থেকে গ্রেফতার করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

পুলিশ সুপার আসলাম খান আরও জানান, আব্দুস শুকুর সোহাগ ও মোহাম্মদ জাবের ২৯ অক্টোবর জঙ্গি কার্যক্রমের পরিকল্পনা করার জন্য হবিগঞ্জ ও লক্ষীপুর থেকে ঢাকায় এসেছিল। ‘গাজওয়াতুল হিন্দ’ কিংবা বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে অনলাইনে উগ্রবাদ ছড়ানোসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা করছিল তারা। টেলিগ্রামে গ্রুপ চ্যাটিংয়ের মাধ্যমে সরকার বিরোধী উস্কানিমূলক বিভিন্ন কথাবার্তা ও সদস্য সংগ্রহের কাজ করে আসছিল তারা। তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আনসার আল ইসলামের গ্রেফতারকৃত পাঁচ সদস্যের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শেরে বাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।