
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ২৩:২০

“ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপি উগ্র সম্প্রদায়িক হামলা, মন্দির বাড়ি-ঘর লুটপাঠ, ভাংচুর, অগ্নি সংযোগ ও হত্যার প্রতিবাদে বরিশালে প্রতীকি অনশন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বরিশাল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এ্যাড, মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে প্রতীকি অনশন ও বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, সবার আগে আমরা সবাই মানুষ। একটি গোষ্ঠি আজ দেশের উন্নয়ন ব্যাহত করার জন্য ধর্মকে সামনে এনে অস্থিতিশীল করার চেষ্ট করে যাচ্ছে। আমরা এই সাম্প্রদায়িক গোষ্ঠিকে ঐক্যবন্ধভাবে মোকাবেলা করে পরাজিত করব।
সিনিয়র সাংবাদিক ও সমাবেশের সভাপতি এ্যাড, মানবেন্দ্র বটব্যাল বলেন, আমাদের স্বাধীন দেশে আমরা সবাই বাঙ্গালী তারপরেও কেন ধর্মীয় অনুষ্ঠানে মসজিদ, মন্দির প্যাগোডায় প্রশাসন দিয়ে পাহারা দিতে হবে। একটি সাম্প্রদায়িক গোষ্ঠি ধর্মীয় পরিচয় ব্যাবহার করে মন্দিরে হামলা সহ বাড়ি ঘর ভাংচুর লুটপাট সহ অগ্নিসংযোগ করা হচ্ছে। সকল ধর্মীয় গোষ্ঠির মধ্যে সাম্প্রদায়িক গোষ্ঠি রয়েছে এসকল ধর্মীয় সাম্প্রদায়িক চেতনা পরিহার করার আহবান জানিয়ে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, বিগত দিনের মত এবারো কোন ধরনের জজ মিয়া নাটক সাজাবেন না। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।
এর পূর্বে বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক এমপি এ্যাড, তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এ্যাড, একে এম জাহাঙ্গির হোসাইন, জাসদ (ইনু) বরিশাল জেলা সাধারন সম্পাদক এ্যাড,আঃ হাই মাহাবুব, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা সাধারন সম্পাদক এ্যাড, হিরন কুমার দাস মিঠু, টিইউসি বরিশাল জেলা সাধারন সম্পাদক এ্যাড, একে আজাদ, বরিশাল জেলা পূজা উদ্যাপন পরিষদ সাধারন সম্পাদক মানিক মূখার্জী, মহানগর সভাপতি তমাল মালাকার, ইসকন সাধারন সম্পাদক বলরাম প্রভূ, ভানু লাল দে, মহিলা পরিষদ সভাপতি রাবেয়া বেগম, সাধারন সম্পাদক পূস্প রানি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকেই বরিশালের দশটি উপজেলা থেকে বিভিন্ন কমিটির ব্যানার প্লাকার্ড হাতে মিছিল নিয়ে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা সদররোডে সমাবেশস্থলে আসেন। এসময় নগরীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয় হয়। পরে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রতীকি অনশনের সভাপতি মানবেন্দ্র বটব্যালকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। সমাবেশ শেষে নগরীর বিভিন্ন সড়কে একটি গণমিছিল বের করে। মিছিলটি গীর্জামহল্লা, চকবাজার, কাটপট্টি হয়ে পুনরায় সমাবেশস্থল টাউন হল চত্বরে এসে শেষ হয়।