
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০:২৭

নাটোরের লালপুরে প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়াকে নুরুল্লাপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে সুপারিশ করায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার নুরুল্লাপুর দাখিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সাজ্জাদ হোসেন সুমন, আবু সাইদ টুটুল, সুকলাল প্রমুখ।
এসময় বক্তারা,‘নুরুল্লাপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে সুপারিশ প্রাপ্ত জিয়াউর রহমান জিয়া একজন প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী। লালপুর থানার অপরাধী বোর্ডে তার ছবি শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে ঝুলছে, থানায় ৬ টি মামলা চলমা বলে অভিযোগ করে অতি শীঘ্রই বিষয়টি তদন্ত সাপেক্ষে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।’

এবিষয়ে নুরুল্লাপুর দাখিল মাদ্রাসার সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, ‘আমি একজন ত্যাগী আওয়ামী লীগ নেতা। যে কারনে বিএনপি জামাত সরকারের সময় আমাকে মাদক মামলা সহ বিভিন্ন মামলায় জড়িয়েছে। ৪টি মামলা থেকে আদালত আমাকে নির্দোষী খালাস দিয়েছে। আমাকে হেয় প্রতিপন্ন করতেই আমার রাজনৈতিক প্রতিপক্ষরা মানববন্ধন করেছে।’