
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ০:২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক নারী কবিরাজের চিকিৎসায় হাসিনা বেগম নামের এক নারীর সমস্ত মুখমন্ডল ঝলসে গেছে। এলাকাবাসী নারী কবিরাজ ছকিনা বেগম ও তার সহযোগী জাহানারা বেগমকে আটক করে পুলিশে দিয়েছে। মুখমন্ডল ঝলসে যাওয়া নারী বর্তমানে ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দুপুরে উপজেলার দেওয়ানের খামার (লাকী হল পাড়া) গ্রামে এঘটনা ঘটে।
মুখমন্ডল ঝলসে যাওয়া হাসিনা বেগমের স্বামী রাসেদুন্নবী বুলু জানান, ‘হাসিনা বেগম বেশ কিছুদিন যাবত অসুখে ভুগছিলেন। নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারী হাট নামক এলাকা থেকে ছকিনা বেগম নামের এক নারী কবিরাজ প্রতিবেশী আমিনুরের বাড়িতে চিকিৎসা দিতে আসতো। সোমবার হাসিনা বেগমকে চিকিৎসার জন্য ওই কবিরাজের কাছে নেয়া হয়। চিকিৎসার নামে কবিরাজ কি করেছে জানিনা। এতে হাসিনা বেগমের সারা মুখে ফোসকা উঠেছে। শরীরে মারের দাগ রয়েছে। রোগীর সুস্থ না হলে কবিরাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।'

ভূরুঙ্গামারী হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, ‘হাসিনা বেগমের মুখমন্ডলে অধিকাংশই ঝলসে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এসিড জাতীয় কোনো পদার্থ ছোঁড়া হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।'
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ‘এলাকাবাসী এক নারী কবিরাজ ও তার সহযোগীকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।'
