
প্রকাশ: ৯ অক্টোবর ২০২১, ০:৫৩

রাজধানীর শাজাহানপুর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর উত্তর শাহজাহানপুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ওই ছাত্রীর নাম অর্পা হাসান (২০)। তিনি ঢাকার তেজগাঁও ন্যাশনাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা কোর্সের কম্পিউটার সায়েন্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন।
অর্পা নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামগঞ্জ বদরপুর গ্রামের হাসান ইমাম ও রূপা আহমেদ মেয়ে। বাবার সঙ্গে মায়ের ডির্ভোস হয়ে যাওয়ার পর অর্পা ভাড়া বাসায় মায়ের সঙ্গে ওই এলাকায় থাকতেন।
মা রূপা আহমেদ জানান, অর্পার আজ পরীক্ষার ফরম ফিলাপের ফি জমা দেওয়ার শেষ দিন ছিল। তার লেখাপড়ার খরচ দিতেন খালারা। কিন্তু সময় মতো তারা টাকা পায়নি। হয়তো অভিমানে সে আত্মহত্যা করেছে। তিনি আরো বলেন, বাজারে থেকে বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পাই। ডাকাডাকি করে কোন শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় অর্পা ঝুলছিল।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল-বারাকা হাসপাতাল, পরে দুপুর সোয়া একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অর্পার খালাতো ভাই সবুজ জানান, সকালে অর্পার সঙ্গে ফোনে কথা হয়েছিল ফরম ফিলাপের ব্যাপারে। আমি বলেছিলাম আজ ফরম ফিলাপের শেষ দিন হলেও দুই-একদিনের মধ্যে টাকা জমা দিলেও হবে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।