
প্রকাশ: ৯ অক্টোবর ২০২১, ২২:৪২

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি ও সমৃদ্ধির পথে চলেছে। বিশ্বসভায় বাংলাদেশ এক ভিন্নতর মর্যাদার আসন লাভ করেছে। শেখ হাসিনা জাতির বিভিন্ন সংকটকালে সাহসী, দূরদর্শী ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা দেখিয়ে এ দেশের মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছেন।
আজ শনিবার সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশীতে নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী, শিশুখাদ্য ও গবাদি পশুর জন্য গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ। এই বাংলাদেশের যত প্রাপ্তি ও অর্জন সব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর কন্যা শেখ হাসিনার হাত ধরেই এসেছে। তিনি বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই শেখ হাসিনার জীবনের ব্রত। মানুষের সুখের জন্য তিনি নিজের জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। মানুষের কল্যাণে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত মাস্টার, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রমুখ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
