প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:৩১

অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়েছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই শেষ ৩২ নিশ্চিত করেছে দলটি। গ্রুপ পর্বে দারুণ লড়াইয়ের পুরস্কার হিসেবে এবার নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে তারা।
শুক্রবার গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। একই সময়ে স্পেন ১-০ গোলে উরুগুয়েকে হারিয়ে গ্রুপসেরা হিসেবে পরের পর্বে জায়গা করে নেয়। অন্যদিকে টানা তিনটি ড্র থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হয়ে শেষ ৩২-এ উঠে ইতিহাস গড়ে কেপ ভার্দে।
গ্রুপ পর্বে কেপ ভার্দের লড়াকু পারফরম্যান্স নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও তারা দৃঢ় রক্ষণভাগের পরিচয় দিয়েছে। বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই এমন সাফল্য আফ্রিকার দেশটির জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের জন্য এবারের আসর ছিল হতাশার। তিন ম্যাচে একটি জয়ও না পাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। বিশ্বকাপ ইতিহাসে এটি তাদের অন্যতম হতাশাজনক পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে নিজেদের গ্রুপে আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। ফলে আগে থেকেই নির্ধারিত ছিল, গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দলের বিপক্ষেই খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। শেষ পর্যন্ত সেই প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে কেপ ভার্দে।
আগামী ৪ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার ম্যাচ। বিশ্বকাপের ইতিহাসে এই দুই দলের এটিই হবে প্রথম মুখোমুখি লড়াই। ম্যাচটি ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
কেপ ভার্দেকে হারাতে পারলে আর্জেন্টিনা শেষ ষোলোতে উঠবে এবং পরবর্তী রাউন্ডে গ্রুপ ‘ডি’ ও ‘জি’-এর রানার্সআপদের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে খেলবে। তবে সেই লক্ষ্য পূরণে আগে নবাগত হলেও আত্মবিশ্বাসে ভরপুর কেপ ভার্দের কঠিন চ্যালেঞ্জ উতরে যেতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের।