
প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১৫:৩৬

ইসলাম ধর্মে সব ধরনের অত্যাচার কঠোরভাবে নিষিদ্ধ, হারাম। শুধু অত্যাচার নয়, অত্যাচারে সহযোগিতা করা এবং অত্যাচারীদের সঙ্গে সম্পর্ক রাখা ও ঘনিষ্ঠতা রক্ষা করাও হারাম। মানুষের ওপর অত্যাচার এমন এক ভয়াবহ গোনাহ যার শাস্তি কোনো না কোনো উপায়ে দুনিয়ায় পেতে হয়। শুধু মানুষ নয়, পশুপাখি ও প্রাণীর ওপরও অত্যাচার করা হারাম।অত্যাচারের ভয়ঙ্কর গোনাহর কারণে আখেরাতে দোজখে প্রবেশ করতে হবে। অনেকে ধর্মপ্রাণ হিসেবে ধর্ম-কর্মে অগ্রগামী হলেও অন্যের ওপর অত্যাচারে পিছিয়ে নেই। বিশেষ করে সহজ-সরল মানুষের ওপর, ধার্মিকদের ওপর, ধর্ম পালনে সচেষ্ট ও সচেতনদের ওপর, দুর্বলদের ওপর অত্যাচারকে অনেকেই অপরাধ মনে করি না। কোনো কোনো ক্ষেত্রে তো আমরা এতে আনন্দও বোধ করি। মনে রাখা অতীব প্রয়োজন যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এমন এক অপরাধ-পাপ-গোনাহ যা সাধারণত আল্লাহ মাফ করেন না, যতক্ষণ পর্যন্ত ওই অত্যাচারিত অত্যাচারী ব্যক্তিকে মাফ না করেন।
মানুষকে আজাব সমাগত হওয়ার দিন সম্পর্ক সাবধান করে দাও, যে দিন তাদের কাছে আজাব আসবে। সেদিন অত্যাচারীরা বলবে, হে আমাদের প্রভু! অল্প সময়ের জন্য আমাদের অবকাশ দিন, তাহলে আমরা আপনার ডাকে সাড়া দেব (অন্যের ওপর অত্যাচার করব না) এবং রাসূলদের অনুসরণ করব। তোমরা কি ইতিপূর্বে কসম খেয়ে বলতে না যে তোমাদের পতন নেই! যারা নিজেদের ওপর অত্যাচার করেছে, তোমরা তো তাদের বাসস্থানেই বাস করছ এবং সেসব অত্যাচারীদের সঙ্গে আমি কেমন আচরণ করেছি, তা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। উপরন্তু আমি তোমাদের জন্য বহু উদাহরণ দিয়েছি’। -আয়াত ৪২-৪৫
