কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে এ ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। একটি হাদিসে এসেছে, ‘রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতিমা (রা.)-কে তাঁর কোরবানির নিকট উপস্থিত থাকতে বলেন এবং ইরশাদ করেন, কোরবানির প্রথম রক্তবিন্দু প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার গুনাহসমূূহ ক্ষমা করে দেবেন। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রসুলুল্লাহ! এটা কি শুধু আহলে বাইতের জন্য নাকি সব মুসলিমের জন্য? তিনি উত্তরে ইরশাদ করেন, এ ফজিলত সব মুসলিমের জন্য।’ মুসনাদে বাজজার, আত্তারগিব ওয়াত্তারহিব।অন্যদিকে যার সামর্থ্য থাকা সত্ত্বেও এ ইবাদতটি পালন করে না তার ব্যাপারে বলা হয়েছে, ‘যে ব্যক্তির কোরবানির সামর্থ্য রয়েছে, কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ মুস্তাদরাকে হাকেম, আত্তারহিব।
সার কথা হলো, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত উম্মতের মধ্যে এ ইবাদত ‘তাওয়ারুস’ ও ‘তাওয়াতুর’-এর সঙ্গে চলমান রয়েছে এবং প্রতি বছর ‘শিয়ার’ রূপে (ইসলামের একটি প্রকাশ্য ও সম্মিলিতভাবে আদায়যোগ্য ইবাদত হিসেবে) তা আদায় করা হয়েছে। অতএব কেউ যদি মনে করে, কোরবানি ইবাদত নয় এবং ইসলামী শিক্ষার অন্তর্ভুক্ত নয়, তবে সে শরিয়ত অস্বীকারকারী। এ ক্ষেত্রে স্মরণ রাখতে হবে, ইবাদতের মূল কথা হলো আল্লাহর আনুগত্য ও তাঁর সন্তুষ্টি অর্জনের প্রেরণা। তাই যে কোনো ইবাদতের পূর্ণতার জন্য দুটি বিষয় জরুরি- ইখলাস তথা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করা এবং শরিয়তের নির্দেশনা মোতাবেক মাসলা-মাসায়েল অনুযায়ী তা সম্পাদন করা। তাই এ সংক্ষিপ্ত আলোচনায় কোরবানির জরুরি কিছু মাসায়েল উপস্থাপিত হলো। রব্বুল আলামিন আমাদের একমাত্র তাঁর সন্তুষ্টি অর্জনের আশায় মাসায়েল অনুযায়ী গুরুত্বপূর্ণ এ ইবাদতটি আদায় করার তাওফিক দিন।
কোরবানির প্রয়োজনীয় মাসলাসমূহ
* ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কসম্পন্ন নর-নারীর কাছে প্রয়োজনের অতিরিক্ত সাড়ে ৫২ তোলা রুপার মূল্য পরিমাণ সম্পদ থাকবে তার কোরবানি করা ওয়াজিব। টাকা-পয়সা, সোনা-রুপা-অলঙ্কার, ব্যবসায়িক পণ্য, প্রয়োজনের অতিরিক্ত জমি, শৌখিন বা অপ্রয়োজনীয় আসবাবপত্র- এ সবকিছুর মূল্য কোরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। দেখুন ইবনে মাজা, বাদায়ে, শামি, আলমগিরি।
* কোরবানির নিসাব পুরো বছর থাকা জরুরি নয়; বরং কোরবানির দিনগুলোয় থাকলেই তা ওয়াজিব হবে। দেখুন বাদায়েউস সানায়ে, রদুল মুহতার।