
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৮:৩৮

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত ওই বৈঠকের পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক রাজধানীর মিন্ট রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান, এমপি। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
দলটির দাবি, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের পর সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে নির্বাহী পরিষদের বৈঠকে উল্লেখ করা হয়।
এ পরিপ্রেক্ষিতে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

একই সঙ্গে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার সিদ্ধান্তও বৈঠকে গৃহীত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলেও জানানো হয়েছে।
তবে এ ঘটনায় গাজী নজরুল ইসলামের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ ও বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে তার বক্তব্য জানা গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি সংসদ সদস্যকে নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতার বিষয়টিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। এখন নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ এবং এ ঘটনার রাজনৈতিক প্রভাবের দিকেই নজর থাকবে।