জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নারীদের অপমান করেছেন—এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতের বক্তব্য শুনলেই বোঝা যায়, তারা ক্ষমতায় এলে নারী সমাজের দুর্দিন নেমে আসবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে? যে কারণে নারীদের ধরলেন! নাকি অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গিয়েছিল?” তিনি বলেন, ডা. শফিকুর রহমানের বক্তব্যে নারী সমাজকে চরমভাবে অপমান করা হয়েছে।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে, যেখানে নারী নেতৃত্বে মন্ত্রী হয়েছেন অনেকে। অথচ জামায়াত এখন বলছে, তাদের দলের প্রধান কোনো নারী হতে পারবে না। এমনকি তারা একজন নারীকে মনোনয়ন দিতেও আগ্রহ দেখায়নি।
রিজভীর মতে, জামায়াতের এসব বক্তব্য প্রমাণ করে তারা নারীবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি বলেন, নারী সমাজকে অবমূল্যায়ন করে কোনো দল জনগণের সমর্থন পেতে পারে না।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ডা. শফিকুর রহমানকে অবিলম্বে নারী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে নারীদের ক্ষোভের যে আগুন জ্বলে উঠবে, তাতে জামায়াত পুড়ে ছারখার হয়ে যাবে।
তিনি আরও বলেন, যে মায়ের গর্ভ থেকে সবাই জন্ম নেয়, সেই মায়ের জাতিকে পায়ের নিচে রাখার মানসিকতা জামায়াতের রাজনীতিতে ফুটে উঠেছে।