
প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০:৪

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, পনোরো আগস্টে আমাদের পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আগস্টের পরবর্তী সময় যেভাবে সংগ্রাম করতে হয়েছে আমাদের পরিবার ও পরিজনদের তা-ই আমার রাজনীতির প্রেরণা শক্তি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিন প্রজন্মের স্বপ্নকে ধারণ করেন- এক তাঁর বাবা বঙ্গবন্ধুর স্বপ্ন দুই তাঁর নিজের স্বপ্ন এবং তাঁর পরবর্তী প্রজন্মের স্বপ্ন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা বৃহষ্পতিবার (১২) আগস্ট অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর যখন ৭ ই মার্চের ভাষণের মধ্যে স্বাধীনতার সকল কথা লুকিয়ে ছিল। এই ভাষণের কথাই শুধু গুরুত্বপূর্ণ নয় বরং ভাষণের সময় তাঁর শারীরিক প্রকাশও বিশেষভাবে লক্ষণীয়, সেই প্রকাশভঙ্গির মধ্যে ছিল আদর্শ নেতার বৈশিষ্ট্য। শুধু মুখে বঙ্গবন্ধুর কথা নয় বরং চেতনা ও মননে বঙ্গবন্ধুকে ধারণ করা আজকের দিনে খুবই জরুরী। কেননা দুঃসময়ের চেতনাই প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা।


বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে সুলিখিত ও সুসংগঠিত একটি সংবিধান বঙ্গবন্ধু আমাদেরকে উপহার দিয়েছিলেন। এ সংবিধানের চারটি মূল স্তম্ভ সারা পৃথিবীব্যাপী স্বীকৃত ও অভিনন্দিত হয়েছিল- গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র। উপাচার্য বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ জাতির উন্নয়নের রোল মডেল। তাঁর পদক্ষেপগুলো তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিলে দেশ প্রকৃতই উন্নত হবে। ৭৫ পরবর্তী তিনটি প্রজন্মকে ভুল ইতিহাস পাঠ করানো হয়েছে এবং শিক্ষাব্যবস্থা হয়ে উঠেছিল প্রতিক্রিয়াশীল। তাই বঙ্গবন্ধুকে হত্যা শুধু ব্যক্তির হত্যা নয়, বঙ্গবন্ধুকে হত্যা মানেই বাঙালি প্রজন্মকে হত্যা।
শোক দিবসের গুরুত্ব ও জাতীয় জীবনের তার প্রভাব নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদ, বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার সরকার, অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস,শেরে-ই-বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান প্রমুখ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এই আলোচনা সভায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, পরিচালকবৃন্দ, শিক্ষকমন্ডলী, দপ্তর প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়েবিনারটি সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক।