
প্রকাশ: ২ অক্টোবর ২০১৯, ১৬:৩৪

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ দিয়ে আজ থেকে সবগুলো টিভি চ্যানেল সম্প্রচারে যাচ্ছে। সকালে হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করবেন। ইতিমধ্যে বাণিজ্যিকভাবে এই স্যাটেলাইটের বিভিন্ন ট্রান্সপন্ডার ভাড়া দেওয়া হচ্ছে। আন্তর্জাতিকভাবে ব্যান্ডউইথ বিক্রির চেষ্টা চলছে। নেপাল, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন ব্যান্ডউইথ কিনতে আগ্রহ দেখিয়েছে। এখন তাদের সঙ্গে চলছে আলোচনা। সহসাই চুক্তির ব্যাপারে আগ্রহী বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম সবগুলো টিভি চ্যানেলকে আমাদের স্যাটেলাইটের আওতায় আনতে। শেষ পর্যন্ত সবার আন্তরিকতায় সেটা সম্ভব হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে। এর মধ্যে ২০টি দেশে ব্যবহার হবে, বাকি ২০টি বিদেশে ভাড়া দেওয়া হবে। দেশের জন্য বরাদ্দ থাকা ট্রান্সপন্ডারের মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যে ভাড়া দেওয়া হয়েছে। একটি বেসরকারি কোম্পানি পাঁচটি ট্রান্সপন্ডার ভাড়া নিয়েছে। এছাড়া টিভি চ্যানেলগুলোর জন্য কিছু ট্রান্সপন্ডার রাখা হয়েছে। মূলত ছয়টি টিভি চ্যানেলের জন্য একটি ট্রান্সপন্ডার লাগে। ৩৫টি টিভি চ্যানেলের জন্য ছয়টি ট্রান্সপন্ডার বরাদ্দ করা হয়েছে।’

ইনিউজ৭১/জিয়া