
প্রকাশ: ৯ জুলাই ২০১৯, ২২:৫৮

বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন এবং অর্থনৈতিক খাতের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা চার দিনের সফরে আজ ঢাকা আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
আরও বলা হয়েছে, বুধবার সকালে রাণী রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে ঢাকাস্থ জাতিসংঘ সদরদপ্তর পরিদর্শন এবং সেখানে বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর পর তিনি নরসিংদীর পলাশে জিন্দারি ইউনিয়ন পরিষদ এবং টাঙ্গাইলে একটি বুটিক শপ পরিদর্শন করবেন।
বৃহস্পতিবার ডাচ রাণী বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর রাণী ম্যাক্সিমা শুক্রবার সকালে ঢাকা ত্যাগ করবেন। উল্লেখ্য, রাণী ২০০৯ সাল থেকে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজের ইনক্লুসিভ ফাইনান্স ফর ডেভেলপমেন্ট বিষয়ক স্পেশাল অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন।

ইনিউজ ৭১/এম.আর