
প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯, ২২:৪৬

ট্রাফিক পুলিশ সড়কে বাণিজ্য করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নগরের ষোলশহর এলজিইডি ভবনে বিআরটিএ আয়োজিত সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক সেমিনারে তিনি এ অভিযোগ করেন। ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক বলেন, প্রতিদিন প্রচুর পরিমাণে অভিযোগ আসছে আমাদের কাছে। গাড়ির সব কাগজ ঠিক থাকার পরেও নো পার্কিং মামলা দিচ্ছে ট্রাফিক পুলিশ। চুক্তি অনুযায়ী ২ হাজার টাকা নিলেও স্লিপে লিখছে ২০০ টাকা। চালকরাই এসব অভিযোগ করছেন। বিশাল পরিমাণে বাণিজ্য হচ্ছে এখানে। আমি প্রমাণ দিতে পারবো। তিনি বলেন, যাদের হাতে সড়ক ব্যবস্থাপনার দায়িত্ব- তাদের এ বাণিজ্য বন্ধ করতে হবে। তারা যদি সেটা না করে, তারা যদি ধান্দায় লিপ্ত থাকে, বাণিজ্যে লিপ্ত থাকে তাহলে সড়কে নিরাপত্তা কখনো আসবে না।
লাইসেন্সবিহীন চালককে গাড়ি দেবেন না
চসিক কথা রেখেছে, সিডিএ রাখেনি

সেমিনারে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাশহুদুল কবীর, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল, জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলি আহম্মদ, বিআরটিএর চট্টমেট্রো-২ সার্কেলের সহকারী পরিচালক উসমান সরওয়ার আলম, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক এম ডি শাহ আলম। এ সময় বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর, সোহেল রানাসহ বিআরটিএর ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/এম.আর