জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে হতাহতের ঘটনায় দায়ের করা নাদিম হত্যাচেষ্টা ও বাবুল মৃধা হত্যা মামলার তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। একই সঙ্গে দুই মামলায় সংশ্লিষ্টতা না পাওয়ায় মোট ১৪৪ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
নাদিম হত্যাচেষ্টা মামলায় গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম খলিল। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, কামরুল ইসলাম, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার ও সাদ্দাম হোসেন।
এ মামলায় ১০৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ও আনোয়ারুল ইসলাম, সাবেক নির্বাচন কমিশনার ও সচিব আনিসুর রহমান, সাবেক পিএসসি সদস্য ফয়েজ আহমেদ, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও আহমেদ কায়কাউস, সাবেক সিনিয়র সচিব মেজবাউদ্দিন চৌধুরী, সাবেক আইজিপি শহিদুল হক, প্রলয় কুমার জোয়ারদার, এস এম মেহেদী হাসান ও মাঈন উদ্দিন।
বাবুল মৃধা হত্যা মামলায় গত ১৩ আগস্ট শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন এসআই মাহমুদুল হাসান ইরফান। এ মামলায় ৩৯ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
এ মামলায় আরও আসামি হয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাছান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে নূর তাপস, কাজী মনিরুল ইসলাম মনু, এস এম শাহজাদা, মহিউদ্দিন মহারাজ, পঙ্কজ নাথ, সাদিক আবদুল্লাহ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হাবিবুর রহমান, কামরুল হাসান রিপন, হারুনুর রশিদ মুন্না, মিরাজুল ইসলাম মিরাজ ও সজল কুণ্ড।