র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগে অনুমোদন দিয়েছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। প্রয়োজনীয় সংশোধন এনে বিলটি জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সচিবালয়ের প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। দীর্ঘ আলোচনা শেষে প্রয়োজনীয় সংশোধন এনে বিলটি সংসদে উপস্থাপনের বিষয়ে সদস্যরা একমত হন।
বৈঠকে অতীতের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে বলা হয়, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে বিভিন্নভাবে অপব্যবহার করা হয়েছে। তবে কমিটির সদস্যরা মনে করেন, কোনো বাহিনীর অপব্যবহারের কারণে পুরো বাহিনী বিলুপ্ত করা যথাযথ সমাধান নয়। বিদ্যমান দক্ষ জনবল, অবকাঠামো ও মূল্যবান সরঞ্জাম দেশের স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তারা।
একই সঙ্গে নতুন বা পুনর্গঠিত বাহিনীর সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
বিরোধী দলের সাম্প্রতিক ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতার প্রশংসা করে সদস্যদের ধন্যবাদ জানানো হয়। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের ভূমিকা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সেবা সংস্থার প্রধান ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।