৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাহিনীটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র্যাব পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান এবং প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে বাহিনীটি কাজ করছে।
র্যাব জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে। উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে জারি করা আইনশৃঙ্খলা-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নেও র্যাব কাজ করছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহে এলাকাভিত্তিক যোগাযোগ ব্যক্তি, ইনফর্মার ও সোর্স নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪ আগস্ট দিবাগত রাত থেকেই অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে এবং স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে অনুষ্ঠানস্থল ও যাতায়াতের পথে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এ ছাড়া সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিংও বৃদ্ধি করা হয়েছে। সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।