বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ চীন মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (২ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট এবং নীতিগতভাবে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে।
সংবাদ সম্মেলনে তিস্তা প্রকল্প নিয়েও কথা বলেন ইয়াও ওয়েন। তিনি জানান, বাংলাদেশের অনুরোধের ভিত্তিতেই তিস্তা প্রকল্পে কাজ করতে আগ্রহী চীন। এ প্রকল্প বাস্তবায়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে এবং এ বিষয়ে অন্য কোনো ইস্যু তাদের বিবেচনার বিষয় নয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর অত্যন্ত সফল হয়েছে। এ সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি উন্নয়নে চীনের সহযোগিতা নিয়ে যেসব প্রশ্ন বা সন্দেহ রয়েছে, তার কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশ-চীন সহযোগিতা ভবিষ্যতেও আরও সম্প্রসারিত হবে।