রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় তাকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইফ নুরুল ইসলাম মনিসহ মন্ত্রিপরিষদের সদস্য, দলের শীর্ষ নেতা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফেরেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধি দলের অন্যান্য সদস্য। এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকাল সোয়া ৫টায় তারা ঢাকার উদ্দেশে রওনা দেন।
প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরের সূচনা হয় গত ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে। সেখানে বিভিন্ন সরকারি ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২২ জুন বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে যাত্রা করেন তিনি।
চীনে অবস্থানকালে প্রধানমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। সফরের শেষ দিনে শুক্রবার সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মালয়েশিয়া ও চীন সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।