চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে শিল্প ও উৎপাদনভিত্তিক ভ্যালু চেইন সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের সম্পর্ক এখন আরও গভীর অর্থনৈতিক ও শিল্প অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যেই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এই কার্যালয়ের উদ্দেশ্য হলো চীনা বিনিয়োগকারীদের আরও কাছাকাছি যাওয়া এবং তাদের বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহজ ও দ্রুত করা। বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য আর বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশ বর্তমানে বড় ধরনের অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। দেশ এখন ব্যবসা ও বিনিয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, বিনিয়োগ আকর্ষণে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে এবং নতুন ব্যবসার লাইসেন্স ১৫ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করা হয়েছে।
বিদেশি বিনিয়োগকারীদের জন্য বৈষম্যহীন পরিবেশ, মূলধন ও লভ্যাংশ ফেরতের নিশ্চয়তা এবং শক্তিশালী আইনি সুরক্ষার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, চট্টগ্রামের আনোয়ারায় চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত এগিয়ে চলছে। এসব অঞ্চলে বন্দর সুবিধা, লজিস্টিকস, দক্ষ কর্মী এবং প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা হবে।
নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, উন্নত বস্ত্রশিল্প ও ওষুধশিল্পে বিনিয়োগের বিশেষ সুযোগ তুলে ধরে প্রধানমন্ত্রী চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক অগ্রযাত্রার অংশ হওয়ার আহ্বান জানান।