
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:৫৯

রাজধানী ঢাকা ঘিরে তৈরি হয়েছে ভয়াবহ ভূমিকম্প বলয়। ঘুরেফিরে উৎপত্তিকেন্দ্র রাজধানীর সন্নিহিত অঞ্চল। মাঝে মধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূকম্পনে কেঁপে উঠছে দেশ। সম্প্রতি কয়েকটির উৎপত্তিস্থল রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় নতুন করে উত্কণ্ঠা তৈরি হয়েছে। সর্বশেষ ২২ জুন সোমবার রাত রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার যে ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ, তার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আর ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি না হলেও মানুষের মধ্যে, বিশেষ করে রাজধানীবাসীর ভেতর বড় ধরনের ভীতির জন্ম দিয়েছে। তার আগে চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি ঢাকা থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে গাজীপুরের কালিয়াকৈরে তিন দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্প হয়।
