সরকারি নীতিমালার আলোকে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয়ের পরিবর্তে ব্যক্তি হিসেবে যোগ্যতাই মূল বিবেচ্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৯ জুন) তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্দলীয় নির্বাচনী ব্যবস্থায় কোনো ব্যক্তি চাইলে অংশ নিতে পারেন, যদি তিনি নির্ধারিত শর্তাবলি পূরণ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান এবং প্রচারণায় অংশ নেন, তবে তা ব্যক্তিগত পরিচয়ে হতে হবে। দলীয় কর্মসূচি বা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রম ব্যবহার করে প্রচারণা চালানো যাবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটি পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে কর্মসূচির ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তাই কেউ পদ বা দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না।
আরেক প্রশ্নে তিনি বলেন, নির্বাচন করার ক্ষেত্রে মূল বিষয় হলো প্রার্থীর যোগ্যতা ও আইনগত শর্ত পূরণ করা। সেই মানদণ্ড পূরণ হলে সরকারের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই।
সংবাদ সম্মেলনে তিনি সরকারের বিভিন্ন সমসাময়িক কার্যক্রম সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করেন।