শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের দায়িত্বপ্রাপ্ত নেতা তারেক রহমান।
শনিবার (৩০ মে) সকাল ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিলুন হকসহ দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক সমাগম দেখা যায়। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী অবস্থান নেন। তাদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। পুরো এলাকা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পৃথক ব্যানারে কর্মসূচিতে অংশ নেন। জিয়া উদ্যান এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।