বর্তমান পোশাক নিয়ে পুলিশ সদস্যদের অসন্তোষের বিষয়টি বিবেচনায় নিয়ে বাহিনীর জন্য আগের ঐতিহ্যমণ্ডিত কোনো পোশাক ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ মার্চ) দুপুরে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী-এ অনুষ্ঠিত ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনীর অনেক সদস্য সন্তুষ্ট নন। বাহিনীর ঐতিহ্য ও পেশাগত মর্যাদা বজায় রাখতে পূর্বের যেকোনো ঐতিহ্যবাহী পোশাক পুনর্বহালের বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।
তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয়; বরং এটি জনগণের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত একটি পেশাদার প্রতিষ্ঠান। পুলিশকে দলীয় প্রভাবমুক্ত রেখে আধুনিক, মানবিক ও সেবাধর্মী বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে পুলিশ সংস্কারকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যেই পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যা বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখতে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এর সুফল জনগণ দেখতে পাবে।
অনুষ্ঠানে জানানো হয়, ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের মোট ৭২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রশিক্ষণ সফলভাবে শেষ করে এখন মাঠপর্যায়ে দায়িত্ব পালনে যোগ দেবেন।