নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ড. নাসিমুল গনিকে চুক্তিভিত্তিকভাবে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
ড. নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে ২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। টানা চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।
পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার তাকে পুনরায় প্রশাসনে নিয়ে আসে। তখন তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ের জনপ্রশাসন বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এরপর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সরকারের প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ আমলাতান্ত্রিক পদগুলোর একটি হলো মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব। নতুন সরকারের শাসনব্যবস্থা পরিচালনায় এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনিক অভিজ্ঞতা ও দীর্ঘ কর্মজীবনের কারণে ড. নাসিমুল গনিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।