
প্রকাশ: ৭ নভেম্বর ২০২১, ০:১১

বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে গণপরিবহনে নতুন করে ভাড়া সমন্বয় করা হয়েছে। নতুন সমন্বিত ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। অর্থাৎ কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৩৮ পয়সা গুনতে হবে। এছাড়া বড় বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, সেটা ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে। কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা। মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। সেটি বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। কিলোমিটারপ্রতি ৪৫ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

রবিবার দুপুরে বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে শুরু হওয়া পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এ তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০, মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সিএনজিচালিত বাস ভাড়া বাড়ছে না বলে জানান তিনি।
ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে গত শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
